দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের পলেস্তরা খুলে পড়ে তিনজন আহত হওয়ার ঘটনায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিদল হাসপাতালটি পরিদর্শন করেছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধিদলের সদস্যরা জরুরি বিভাগসহ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ভবনটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
পরিদর্শনকারী দলে ছিলেন দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আফছার ও সহকারী প্রকৌশলী এ জেড এম মোস্তাহিদুল ইসলাম। এ সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মেডিকেল অফিসার সাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের পলেস্তরা ধসে পড়ে তিনজন আহত হন। এ ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সাময়িকভাবে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় পরে একই ঝুঁকিপূর্ণ কক্ষে আবারও জরুরি সেবা চালু করা হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে জরুরি বিভাগটি অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিনিধিদলের পরিদর্শনের পর ভবনটি পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘ছাদের পলেস্তরা খুলে পড়ার ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছিলাম। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় রোগীদের জরুরি সেবা নিশ্চিত করতে আপাতত ওই কক্ষেই জরুরি বিভাগের কার্যক্রম পরিচালনা করছি। দ্রুততম সময়ের মধ্যে জরুরি বিভাগটি অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি।’
মশিউর রহমান আরও বলেন, ‘ভবনটি স্বাধীনতার আগে নির্মিত। অনেক পুরোনো। তাই মাঝেমধ্যেই ভবনের বিভিন্ন জায়গা ফেটে যাচ্ছে বা ধসে পড়ছে। বিষয়টি জানিয়ে ভবনটি পুনর্নির্মাণের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা চিঠিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ভবনটি পরিদর্শনও করেছেন। দ্রুত ভবনটি পুনর্নির্মাণের বিষয়ে তাঁরা আশ্বাস দিয়েছেন।’
দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আফছার বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। সে কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমরা সরেজমিনে ভবনটি পরিদর্শন করে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছি। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভবনটি পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।’