হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসী ও অভিভাবকদের মানববন্ধন-বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে মাদ্রাসা ফটকের সামনে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খাজাপুর একরামিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি জমি বিধিবহির্ভূতভাবে বিক্রি, আর্থিক অনিয়ম, পাঠদান না করেও বেতন উত্তোলন, ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে অভিযোগগুলোকে ষড়যন্ত্র দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

আজ রোববার বেলা ১১টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের খাজাপুর গ্রামে মাদ্রাসার ফটকের সামনে বৃষ্টিতে ভিজে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে দুই শতাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন মাদ্রাসাসংলগ্ন এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান, আব্দুর রহমান, জায়েদুর রহমান পলিন, গোলাম মোস্তফা, হাবিবুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে যোগ দেন এইচ এম মাহবুবুর রহমান। এর পর থেকে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল অধ্যক্ষ ও মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানের কাছে অভিযোগ দিয়েছে।

বক্তাদের দাবি, অভিযোগকারীদের কেউ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নন, এমনকি শিক্ষার্থীদের অভিভাবকও নন। কেউ কেউ স্থানীয় বাসিন্দাও নন। শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে অধ্যক্ষ কঠোর অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ একটি মহল বহিরাগতদের দিয়ে এসব অভিযোগ তুলেছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাদ্রাসার নতুন পরিচালনা কমিটিতে নিজেদের পছন্দের ব্যক্তিদের পদে বসাতে অধ্যক্ষকে চাপে রাখার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হচ্ছে। লিখিত অভিযোগে প্রায় ৩০ জনের স্বাক্ষর থাকলেও তাঁদের অনেকেই জানিয়েছেন, কমিটি গঠনের কথা বলে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। অভিযোগ জমা দেওয়ার বিষয়ে তাঁরা কিছু জানতেন না।

অধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলোর কোনো সত্যতা নেই। শিক্ষকদের দায়িত্বে অবহেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নতুন কমিটিতে পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে না পারায় একটি মহল তাঁর ও মাদ্রাসার সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনও মো. মাসুম বিল্লাহ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে তদন্তের দায়িত্ব দিয়েছে। বর্তমানে তদন্ত চলছে।