হোম > সারা দেশ > দিনাজপুর

অটোপাস আর ফিরে আসবে না—দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আখতারুজ্জামান মিয়া। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, ‘অটোপাস আর ফিরে আসবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। নিজেদের ভবিষ্যৎ গড়তে এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।’

আজ রোববার দিনাজপুরের খানসামা উপজেলার শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান এসব কথা বলেন।

আখতারুজ্জামান বলেন, ‘শুধু মাস শেষে বেতন পাওয়ার মানসিকতা থেকে শিক্ষকদেরও বেরিয়ে আসতে হবে। আমাদের যে সক্ষমতা আছে, তা কাজে লাগিয়ে সবাইকে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। এই চেষ্টা সফল করতে বর্তমান বিএনপি সরকার সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে।’

অধ্যক্ষ মেরিনা খাতুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।