দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই এ টি এম শামসুজ্জামান ও ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শামসুজ্জামানের লাঠির আঘাতে মুকুল গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই মুকুলের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত এ টি এম শামসুজ্জামান পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বিরামপুর থানায় মামলা করেছেন।