হোম > সারা দেশ > ঢাকা

জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দিল টিআইবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টিআইবির ‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতিবেদনকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এই কর্মশালা গত ১০ থেকে ১২ এপ্রিল গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত ব্র্যাকের সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এ অনুষ্ঠিত হয়। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্য সাংবাদিকেরা এ কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী পর্বে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানিতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার অন্যতম কারণ হলো–জীবাশ্ম জ্বালানি লবির প্রভাব। তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন যত বাড়বে, ততই এ খাতে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

কর্মশালায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেটা সাংবাদিকতা, তথ্যের উৎস ও প্রাপ্যতা, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক প্রেক্ষাপট, প্রতিবেদন তৈরির সুযোগ ও প্রতিবন্ধকতা এবং ডেটা বিশ্লেষণ ও উপস্থাপনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। দলগত অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং কার্যকর অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল মূল্যায়ন করেন।

অংশগ্রহণকারী সাংবাদিকেরা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমোদন, বিদেশি বিনিয়োগ, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং তথ্য প্রকাশে অস্বচ্ছতার মতো নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

তারা জানান, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা এবং বিশেষায়িত জ্ঞানের ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সাংবাদিকেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আয়োজনের জন্য টিআইবির প্রতি কৃতজ্ঞতা জানান।

সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন—এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ ও ভাইস চেয়ারম্যান হাসান আজাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি

ছয় শিশুর প্রাণ গেছে আদ্‌-দ্বীনের অবহেলায়

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

৩ দিনে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

কোরবানির পশুর বর্জ্য প্রায় অপসারণ করতে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ