হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, সাভার (ঢাকা) 

ধামরাইয়ে ইটভাটায় অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটির মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা করে জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

ধামরাইয়ে ইটভাটায় অভিযান। ছবি: সংগৃহীত

সোমবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের এইচএমবি ব্রিকস, ন্যাম ব্রিকস, নূর ব্রিকস, ফোর স্টার ব্রিকসে এবং ধামরাই সদর ইউনিয়নের ডিবিসি ব্রিকস, বিবিসি ব্রিকস ও স্টাইল ব্রিকসে অভিযান চালানো হয়।

এর মধ্যে ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসের চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ‘ধামরাই উপজেলায় বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে ছয়টি ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স স্টাইল ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস নামে রচারটি ভাটাকে ৩ লাখ করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেসার্স ন্যাম ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকস ও মেসার্স এইচএম ব্রিকস নামের তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।