হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং দেবিদ্বার নিউমার্কেট এলাকার রাস্তা ও ফুটপাতে অভিযান পরিচালিত হয়। এ সময় পানবাজার, তরকারিবাজার ও ফলবাজারের দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়।

পানবাজার মোড়ে জনস্বার্থে স্থাপিত পৌরসভার একটি নলকূপ ঢেকে দোকান পরিচালনার দায়ে দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণের দায়ে দুই চায়ের দোকানিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে উল্টো পথে চলাচলের দায়ে এক অটোরিকশাচালককে জরিমানা করা হয় ১ হাজার টাকা।

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। পুলিশ, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবিদ্বার উপজেলা সদরের প্রধান সড়কগুলো কিছু অসাধু ব্যবসায়ী দখল করে দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এতে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের হাঁটাচলারও সুযোগ ছিল না। ফুটপাত দখল করে দোকানপাট বসানো ছিল বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, এর আগেও প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান পরিচালিত হয়েছে। তবে উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই দখলকারীরা আবার আগের অবস্থানে ফিরে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, ‘যানজট নিরসন ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আমাদের এই অভিযান। এর আগেও বহুবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের কয়েক দিন পরই আবার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা শুরু করেন। তবে এবারের অভিযানের পর পুনরায় কেউ বসলে তাঁদের জেল-জরিমানা দুটিই করা হবে।’