কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে একই অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলের বিরুদ্ধে ৩টি জন্মনিবন্ধন সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। আবেদনকারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও তিনি তা সঠিকভাবে যাচাই না করে জন্মনিবন্ধন সম্পন্ন করেন। এ ছাড়া, নিবন্ধকের আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষিত রেখে তিনি দাপ্তরিক দায়িত্ব পালনে গুরুতর অবহেলা করেছেন, যা প্রশাসনিক দৃষ্টিতে আইনবহির্ভূত। তাঁর এসব অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে উক্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখনো আমাদের কাছে ই-মেইলে কিংবা অফিসে আদেশটি এসে পৌঁছায়নি।