কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) ও একই এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)। রায় ঘোষণার সময় তাঁরা দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি চালান থেকে ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৬ মে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের এ দণ্ড দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী বলেন, মাদক মামলায় এ রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। দ্রুত রায় কার্যকর হলে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে।