হোম > সারা দেশ > কুমিল্লা

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৬ চিকিৎসককে শোকজ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত আব্দুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হাসনাত আবদুল্লাহ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল ঘুরে কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালাম খানের কাছে জানতে চান তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডেপুটি সিভিল সার্জন মো. সারোয়ার আকবর হাসপাতালে উপস্থিত হন।

কোনো প্রকার ছুটি ছাড়াই হাসপাতালে অনুপস্থিত ছয় চিকিৎসক হলেন সহকারী অধ্যাপক কার্ডিওলজি মো. শরীফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক ই এন টি গোলাম সারওয়ার সরকার ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) কাজী আয়শা সিদ্দিকা এবং মেডিকেল কর্মকর্তা এস কে এম শামীম কাউসার, সাইফুল ইসলাম ও শিমুল রানী দাস।

এ সময় অনুপস্থিত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালাম খানের কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, হাসপাতালে ২৬ জন চিকিৎসকের মধ্যে ১২ জন উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা দিচ্ছিলেন। পাঁচজন ছুটিতে আছেন, তিনজন বিভিন্ন কাজে বাইরে অবস্থান করছেন। এ ছাড়া অন্য ছয়জন কোনো কারণ ছাড়াই হাসপাতালে অনুপস্থিত। অনুপস্থিত ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুহিবুস সালাম খানের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকে অনুপস্থিত ডাক্তারগণ কেন উপস্থিত থাকেননি, তা যদি আপনার কাছে সন্তোষজনক জবাব না দেওয়া হয়, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। আগামীকাল (বুধবার) থেকে ৭টা ৪৫ মিনিটে সকল ডাক্তারকে ব্রিফ করবেন। ৮টা ১৫ মিনিটে অ্যাটেনডেন্স নেবেন এবং সাড়ে ৮টার মধ্যে আমাকে অ্যাটেনডেন্স ঢাকায় পাঠাবেন, প্রতিদিন। ৮টা ১৫ মিনিটের পর কেউ এলে তাঁদের অ্যাটেনডেন্স নেবেন না। আমরা আপনাদের ডাক্তারি শেখানোর মতো সাহস দেখাব না। আমাদের অনেক অপ্রতুলতা আছে। আপনারা সবকিছু বুঝেই এই পেশায় এসেছেন। আপনারা আমাদের সেবা দিন। আমরা আপনাদের সম্মান করব।’

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, এটা বিভাগীয় বিষয়। কর্তৃপক্ষ দেখবে।

এ বিষয়ে মহিবুস সালাম খান বলেন, যাঁরা অনুপস্থিত ছিলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এর জবাব দেওয়ার জন্য তাঁদের শোকজ করা হয়েছে।

মাদক সেবনকারীদের পুলিশে দেওয়ার জেরে দুই যুবককে মারধর

চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদনে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয় ব্যবহার করা হবে: কৃষিমন্ত্রী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ হবে: কুসিক প্রশাসক টিপু

দুই কোটির বেশি শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী