পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৮৩২ জন পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোলে কর্মরত স্টাফদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) বেলা ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় কুসিক প্রশাসক বলেন, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে, ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ বছরও কোরবানির আট ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করা হবে।
ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সরকারের আন্তরিকতা ও কাজের স্বীকৃতির বহিঃপ্রকাশ।
উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোল স্টাফরা। তাঁরা জানান, ঈদের আগে এই সহায়তা তাঁদের পরিবারে বাড়তি স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।
অনুষ্ঠানে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।