হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আন্তজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার

 কুমিল্লা প্রতিনিধি 

আন্তঃজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান আজ বিকেলে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন শহর, বাজার ও বিপণিবিতানে কেনাকাটার জন্য মানুষের ভিড় বাড়ছে। এই সুযোগে চোর চক্র সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করে থাকে।

চক্রের সদস্যরা কোনো এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে কিছুদিন অবস্থান করে আগে থেকেই সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করে চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

উৎসবকেন্দ্রিক জনসমাগমে অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা অবস্থান করছেন। তথ্য যাচাইয়ের পর সেখানে অভিযান চালিয়ে পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার চোর চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মো. লুৎফর রহমান বলেন, ‘আসন্ন উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন যেকোনো চক্রের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’