কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখযোগ্য।
মোহতাশিম হায়দার বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা, পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
মোহাম্মদ মোহতাশিম বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, অধ্যক্ষ সেলিম ভূইয়া, জসিম উদ্দিন ও মোবাশ্বের আলম, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।