স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করে জেলা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে আটক কিশোরদের মধ্যে পরে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আদালতে পাঠানো ব্যক্তিদের মধ্যে মাদক সেবনকারী, নিয়মিত মামলার আসামি, ভ্রাম্যমাণ আদালতে সাজাযোগ্য অপরাধে জড়িত ব্যক্তি, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। আদালত তাদের কারাগারে পাঠান।
নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়। অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠার মধ্যেই জেলা পুলিশ এই অভিযান চালায়।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়েছে। কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক ব্যক্তিদের আগের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হয়।
মো. লুৎফুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর কোনো অভিযোগ না পাওয়ায় অন্যদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।