হোম > সারা দেশ > কুমিল্লা

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু, প্রথম সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর

কুমিল্লা প্রতিনিধি

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার মামলার অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ তারিখ নির্ধারণ করেন। মামলার চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চ্যুয়ালি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সরাসরি উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সে অনুযায়ী দ্রুত বিচারকাজ এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গত ২০ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।