কুমিল্লার দেবিদ্বারে ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. নুরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও শিশুটির স্বজনদের অভিযোগ, নুরুল ইসলাম গত এক বছর ধরে বিভিন্ন সময় খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করে আসছিলেন।
এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খাবার দেওয়ার কথা বলে একটি একতলা ভবনের ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন নুরুল। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁকে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি গত এক বছর ধরে তাকে নির্যাতনের বিষয়টি জানায়।
গ্রেপ্তার নুরুলের বাড়ি দেবিদ্বার উপজেলার একটি গ্রামে। তিনি ময়নামতি ১৫ নম্বর গেট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে গত ৮ নভেম্বর তাঁকে ওই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিলেন।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় চাকরি করেন এবং মা গৃহিণী।
পুলিশ জানায়, শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। পরে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে চাকরিচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে।