হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে দশম শ্রেণির ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, ২৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

বাড়ির ছাদ ব্যবহার করে কিশোরীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসামে নিজ বাড়ি থেকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার ৩৪ ঘণ্টা অতিবাহিত হলেও অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে অপহৃত কিশোরীর মা বাদী হয়ে লাকসাম থানায় মামলাটি করেন। মামলার প্রধান অভিযুক্ত মো. মাসুদ (৩২) ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা। আজ বুধবার (৩ জুন) সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা গেছে, অপহৃত কিশোরীর সঙ্গে মাসুদের পূর্বপরিচয় ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে একবার তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় লাকসাম থানায় একটি অপহরণ মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত কিশোরীকে পরিবারের জিম্মায় দেন এবং মাসুদকে কারাগারে পাঠান। সম্প্রতি মাসুদ জামিনে মুক্ত হন।

পরিবারের অভিযোগ, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাসুদ তাঁর সহযোগীদের নিয়ে ওই বাড়িতে আবার হামলা চালান। একপর্যায়ে তাঁরা বাড়ির প্রধান ফটক ভেঙে ও ভবনের ছাদ ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে কিশোরীকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি ভবনের ওপর থেকে এক মেয়েকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় আশপাশে বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।

অপহৃত কিশোরীর বাবা দ্রুত মেয়েকে উদ্ধার ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি জানান, তাঁদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার বিভিন্ন দৃশ্য ধারণ হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, ঘটনার পর মামলা নেওয়া হয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর