হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ১১ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেবিদ্বার দক্ষিণ ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এবং একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

জানা গেছে, দেবিদ্বার সদর এলাকার মনোয়ারা হাসপাতালকে ৯০ হাজার টাকা, দেবিদ্বার মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা, আবদুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা, মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা, মেডিনোভা হাসপাতালকে ৫ হাজার টাকা, অ্যাপোলো হাসপাতালকে ৮০ হাজার টাকা, আলিফ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, দি গোমতী মেডিকেল সেন্টারকে ৪৫ হাজার টাকা, দেবিদ্বার দক্ষিণ এলাকার বাগুর মা-মনি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, চান্দিনা মেডিনোভা হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও পৌর সদরে অবস্থিত কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় করা, ওটি রুমে কাঠের তৈরি ফার্নিচার ও দরজা ব্যবহার, ল্যাবে এসি ব্যবহার না করা, ফ্রিজে তাপমাত্রা মাপার যন্ত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহার, ফ্রিজে নিয়মনীত না মেনে ওষুধ রাখাসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারা মোতাবেক প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আকবর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাওসার মিয়া, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদাত ইরতিশাম প্রমুখ।