হোম > সারা দেশ > কুমিল্লা

‘সুইসাইড নোট’ লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থীর সন্ধান মিলল কুমিল্লায়

জাবি প্রতিনিধি 

জাবি শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে। তিনি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাঁকে দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে।

নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোহাইমিনুলকে খুঁজে পেতে অব্যাহত প্রচেষ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, তাঁর সহপাঠী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদেরও ধন্যবাদ জানানো হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নিজের কক্ষে একটি ‘সুইসাইড নোট’ লিখে ক্যাম্পাস থেকে বের হয়ে যান মোহাইমিনুল। তাঁর লেখা চিঠিগুলোতে হতাশা, পারিবারিক ও শিক্ষাজীবনসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নিজের জীবন নিয়ে চরম হতাশার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।