হোম > সারা দেশ > কুমিল্লা

লালমাই পাহাড়ে দশম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

কুমিল্লা প্রতিনিধি

লালমাই পাহাড়ের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক মো. সাকিব। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাকিব (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অন্য অভিযুক্তদের আটকে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

গতকাল শনিবার রাতে কুমিল্লার কোটবাড়ি এলাকার লালমাই পাহাড়ের সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বিকেলে সিয়াম কিশোরীকে নিয়ে কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসেন। পরে তাকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান তিনি। সেখানে আগে থেকেই কয়েকজন যুবক অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, কিশোরীকে সেখানে আটকে রেখে কয়েকজন যুবক তাঁর ওপর যৌন নির্যাতন চালান। রাত পেরিয়ে ভোরে মেয়েটিকে নিয়ে তাঁরা ওই এলাকা থেকে বের হওয়ার সময় তাঁদের গতিবিধি স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোরী ঘটনার কথা জানান। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কিশোরী চান্দিনা উপজেলার বাসিন্দা। আটক সাকিব একই উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে আগামীকাল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠানো হবে।’

মো. আনিসুজ্জামান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য জেলা পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।