হোম > সারা দেশ > কুমিল্লা

পেনশনের টাকায় জমি কিনে দেড় বছরেও মিলছে না দলিল

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সংবাদ সম্মেলনে শিক্ষক দম্পতি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে পেনশনের টাকায় ৩৫ শতাংশ জমি কিনতে ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও দেড় বছরের বেশি সময় ধরে দলিল না পাওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিনা আক্তার। আজ বুধবার দেবিদ্বার পৌর এলাকার ভূষনা গ্রামে সংবাদ সম্মেলন করে জমিটি তাঁদের নামে রেজিস্ট্রির ব্যবস্থা করতে প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা আক্তার বলেন, ‘জীবনের ৩১টি বছর আমি জাতিকে সুশিক্ষিত করার চেষ্টায় কাটিয়েছি। সেই প্রচেষ্টার প্রতিদান কি এভাবেই প্রাপ্য? জীবনের শেষ সম্বল পেনশনের টাকায় জমি কেনার জন্য ৮২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি, কিন্তু সেই জমির দলিলের জন্য একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে কেন আজ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে? আমি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চাই।’

সেলিনা আক্তার দেবীদ্বার ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা এবং দেবীদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামী মো. জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

লিখিত বক্তব্যে বলা হয়, দেবীদ্বার-চান্দিনা সড়কের বারেরা মৌজার ৩৫ শতাংশ জমি কেনার জন্য ১০ জন মালিকের সঙ্গে চুক্তি করেন তাঁরা। প্রতি শতাংশ জমির দাম ৩ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করে ৩৫ শতাংশের মোট মূল্য ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা ঠিক হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি স্ট্যাম্পের মাধ্যমে বায়না চুক্তিপত্র হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ছয় মাসের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধ করে দলিল সম্পন্ন হওয়ার কথা ছিল।

চুক্তির সময় স্থানীয় মো. জহিরুল ইসলাম, কামাল হোসেন, আব্দুর রহিম ও আব্দুল হান্নান উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়। জমির মালিক হিসেবে দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার, মো. শাহীন ভূঁইয়া, মো. আ. হান্নান ও মো. মজিবুর রহমানের নাম উল্লেখ করেন সেলিনা আক্তার।

সেলিনা আক্তারের দাবি, জমির জন্য এ পর্যন্ত তিনি ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বায়না বাবদ নগদ ৫০ হাজার টাকা, ৩ ফেব্রুয়ারি চেকের মাধ্যমে ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২১ জুলাই সোনালী ব্যাংকের দেবিদ্বার শাখা থেকে মো. আলাউদ্দিন ও আব্দুল হান্নানের যৌথ হিসাবে ৪০ লাখ টাকা পাঠানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ৩ জুলাই দেবিদ্বার কোয়ান্টাম হাসপাতালে মো. আলাউদ্দিনের হাতে ২ লাখ টাকা এবং ৮ আগস্ট মো. শাহীন ভূঁইয়াকে তাঁর স্বামীর উপস্থিতিতে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর পরও কয়েক দফায় টাকা নেওয়া হয়। এভাবে দেড় বছর ধরে দলিল দেওয়ার কথা বলে তাঁদের ঘোরানো হচ্ছে।

এ অবস্থায় সেলিনা বেগম ৩৫ শতাংশ জমির দলিল তাঁদের নামে রেজিস্ট্রি করে দেওয়া, বায়না করা জমির সামনের ২০ শতাংশ বিক্রি ও জনগণের অবৈধ দখল বন্ধ করা এবং বিষয়টির দ্রুত ও ন্যায়সংগত নিষ্পত্তিতে সরকার ও রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।