কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পাঁচটি মিষ্টির দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল ওটস বিক্রি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।
আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার প্রতিষ্ঠান এবং বিরিয়ানি-কাচ্চিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে কয়েকটি মিষ্টির দোকানে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। মিষ্টির প্যাকেটের ওজন ১৩০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাদ্য হিসেবে বিক্রির জন্য নকল ওটস রাখা এবং খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষ্মীভান্ডারকে ৭ হাজার টাকা এবং মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির অভিযোগে ইভা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।’