হোম > সারা দেশ > কুমিল্লা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

দুই পা হারানো মনির। ছবি: আজকের পত্রিকা

২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা পান।

দুই পা না থাকলেও অদম্য মনোবল নিয়ে অটোরিকশাটিতে অতিরিক্ত যন্ত্র সংযোজন করে নিজেই চালাতে শুরু করেন মনির। সেই আয়ে চলছিল তাঁর সংসার। কিন্তু গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র তাঁর একমাত্র আয়ের উৎস সেই অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। এতে পরিবারটি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

মনির হোসেন উপজেলার পৌরসভার সোনাকাটিয়া গ্রামের আবদুল করিমের ছেলে। এই ঘটনায় তিনি শুক্রবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মনির হোসেন বলেন, ২০১৪ সালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর কুমিল্লা ও ঢাকায় দীর্ঘ চিকিৎসার সময় তাঁর দুই পা কেটে ফেলতে হয়। পিঠেও অস্ত্রোপচার করে চামড়া প্রতিস্থাপন করা হয়। বর্তমানে অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না। সমাজের বিত্তবানদের দেওয়া অটোরিকশাটি চালিয়ে কয়েক বছর ধরে পরিবারের ভরণপোষণ করছিলেন।

মনির হোসেন আরও বলেন, ২০২১ সাল থেকে জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী আবদুল মতিনের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এই বিরোধের জেরে মতিনের স্ত্রী জাহানারা আক্তার পান্না তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি ও ভূমিদস্যুতার অভিযোগে তিনটি মামলা করেন। বর্তমানে তিনি এসব মামলায় জামিনে রয়েছেন। এ ছাড়া কয়েক দফা তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

মনিরের দাবি, ২০২২ সালে প্রতিপক্ষের প্রভাবে তাঁকে র‌্যাব তুলে নিয়ে যায় এবং তিন দিন হেফাজতে রাখা হয়। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ তাঁকে বাড়িঘর ছেড়ে যেতে চাপ দিচ্ছে। গত সপ্তাহে মতিনের ছোট ভাই মনির আহমেদ তাঁকে হুমকি দিয়ে বলেন, জমি বিক্রি না করলে তাঁর আয়রোজগার বন্ধ করে দেওয়া হবে।

মনির জানান, বুধবার দিবাগত রাতে তিনি ঘরের সামনে অটোরিকশাটি রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে সেটি আর দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন।

অভিযোগের বিষয়ে জাহানারা আক্তার পান্না ও মনির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তবে অটোরিকশা চুরির ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তাঁরা।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘দুই পা হারানো মনির হোসেনের চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’

কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র: আটক যুবকের তথ্যে পিস্তল-গুলি উদ্ধার

মাদক কারবারিদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টিফিন বিরতিতে বেরিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২