হোম > সারা দেশ > কুমিল্লা

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহবধূকে গুলি, জড়িতদের গ্রেপ্তারের দাবি

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ডাকাতিতে জড়িতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে টিনের চালা খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বসতবাড়িতে ঢোকে আশপাশের গ্রামের ছয় মাদক কারবারি। ডাকাতির চেষ্টা টের পেয়ে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি ও আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।