কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ওমর ফারুক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের দক্ষিণ মোল্লাবাড়ির সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির ভেতর থেকে দৌড়ে সড়কে উঠতে যায় ওমর ফারুক। এ সময় সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবিহা তাবাসসুম প্রমা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’