হোম > সারা দেশ > কুমিল্লা

চান্দিনায় গ্যাস রিফিল ও মাপে কারচুপি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

চান্দিনার বাজারে ভোক্তার অধিকার সংরক্ষণের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—বাগুর বাজারের মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশন, বেলাশ্বরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃভূমি মিষ্টি কারখানা।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে প্রতি পাঁচ লিটার তেলে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের কাজে ব্যবহৃত যন্ত্রসহ প্রতিষ্ঠানটিকে শনাক্ত করেন অভিযান পরিচালনাকারীরা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং অনিয়মের দায়ে মাতৃভূমি মিষ্টি কারখানাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।