কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের কান্দিরপাড় এলাকার ফলের দোকান, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা, জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা, হোসেন ফল দোকানকে ৩ হাজার টাকা, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।