মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চারজনের মধ্যে সামিয়া আক্তারের (১৭) লাশ উদ্ধার হয়েছে। আজ ভোরে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সামিয়া হেলাল মিয়ার বড় মেয়ে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তার বাবা হেলাল মিয়া, বড় ভাই সজীব ও ছোট ভাই শামীম।
গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাৎক্ষণিকভাবে রায়েসা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তবে বাকি চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরপর দুই দিন ধরে খোঁজাখুঁজির পর আজ ভোরে মেঘনা নদীতে সামিয়ার লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা লাশটি শনাক্ত করেন। সকালে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে সামিয়ার লাশ শ্রীমদ্দি গ্রামে নিয়ে আসা হয়।
সামিয়ার মামা হায়াত মিয়া জানান, আজ ভোরে মেঘনা নদীতে সামিয়ার লাশ ভেসে ওঠে। পরে তারা লাশটি শনাক্ত করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে লাশটি শ্রীমদ্দি গ্রামে নিয়ে আসা হয়।
নিখোঁজ অন্য তিনজনের সন্ধান ও লাশ উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেছেন হায়াত মিয়া।