হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

নিহত অটোরিকশাচালক মো. আল আমিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের জমি থেকে মো. আল আমিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের পশ্চিম এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আল আমিন উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. অহিদের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের বাবা অহিদ মেম্বর বলেন, গতকাল বিকেল থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ছোটধুশিয়া এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আমার বিশ্বাস, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’