হোম > সারা দেশ > কুমিল্লা

বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ স্বজনের বিরুদ্ধে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার এক স্বজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের পাশের কলাবাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা অভিযুক্ত সুলতান আহমেদের (৪২) বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে কলম আনতে বিদ্যালয় থেকে বাড়িতে যায় শিশুটি। পরে বিদ্যালয়ে ফেরার পথে তার সম্পর্কে কাকা সুলতান আহমেদ তাকে বলেন, তার বাবা ডেকে পাঠিয়েছেন। এ কথা বলে তিনি শিশুটিকে বিদ্যালয়ের পাশের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে সুলতান শিশুটিকে ছেড়ে দিলে সে দৌড়ে বিদ্যালয়ে চলে যায়।

পরে প্রতিবেশীরা বিদ্যালয়ে গিয়ে শিশুটিকে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। এরপর শিশুটির বাবা বাদী হয়ে সুলতান আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় লিখিত অভিযোগ করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।