কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে বিচারক তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মাহবুবুর রহমান।
এর আগে আজ শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়।
পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, হাফিজুর রহমান যাতে আত্মগোপনে যেতে বা পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সে জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া হাফিজুর রহমানের জামিন স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
তবে আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি। পরে শনিবার তাকে গ্রেপ্তার করে পিবিআই। এর আগে বিষয়টি নিশ্চিত করেছিলেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান হাফিজুর রহমান। পরে ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস-সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘদিন বিভিন্ন সংস্থার পর পিবিআই তদন্তের দায়িত্ব পান। পরে মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে পিবিআই।