কুমিল্লার দেবিদ্বারে চার ভাগে বিভক্ত বিএনপির নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন নব্বইয়ের দশকের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। তাঁরা বলেছেন, ঐক্যের ডাক ব্যর্থ হলে বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবেন।
আজ শুক্রবার দুপুরে দেবিদ্বার পল্লী বিদ্যুৎ-সংলগ্ন সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. নজরুল ইসলাম সরকারের বাসভবনে আয়োজিত কর্মিসভায় এই আহ্বান জানানো হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান।
সভায় বলা হয়, দেবিদ্বার বিএনপি বর্তমানে চার ভাগে বিভক্ত। এসব গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, বিএনপির জাতীয় কমিটির সদস্য মো. সাঈদুর রহমান লিটন এবং ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান।
বক্তারা বলেন, অধিকাংশ নেতার আবির্ভাব ঘটেছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর। গ্রুপিংয়ের রাজনীতির কবর রচনা করে দলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
কর্মিসভা থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামপর্যায়ে কর্মিসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, ঐক্যের ডাক ব্যর্থ হলে সব নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবেন তাঁরা।
বক্তারা অভিযোগ করেন, বিগত স্বৈরশাসকের সহযোগী, দলের কর্মকাণ্ড থেকে দূরে সরে যাওয়া ও ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে দলের বদনাম করেছেন—এমন ব্যক্তিদের সঙ্গে কোনো আপস করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলাই কুমার রায়, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও এসএ সরকারি কলেজের সাবেক ভিপি মো. এনামুল হক (হেলাল) ভূঁইয়া, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম খান ও মো. মান্নান মোল্লা, সাবেক যুবদল নেতা মো. সোয়ায়েব মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এবং এসএ সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জাভেদ আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন মামুন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকর সিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান আসাদ, মো. সৈয়দ নাঈম, রিপন আহমেদ, খালিদ হাসান মামুন ও মো. সুমন আহমেদ।