কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হওয়ায় যুবদল নেতা আব্দুল হাই কায়সারকে (৫০) দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে ইয়াবা সেবনরত অবস্থায় যুবদল নেতা আব্দুল হাই কায়সারসহ তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়।
আটক আব্দুল হাই কায়সার দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, দলের দায়িত্বশীল নেতারা যদি মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে সমাজে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যে কারও বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে দল ও সংগঠন থেকে বহিষ্কার করা হবে।’