হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

গ্রেপ্তার ইউপি সদস্য আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ৩টায় তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার মধ্যরাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি সদস্য আবুল কালাম আজাদ উপজেলার ২ নম্বর ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউসুফপুর ইউনিয়নের ৮ নম্বর শিবপুর ওয়ার্ডের সদস্য। তিনি একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন ভানি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি ভানি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে। এ ছাড়া আরও আছেন ইউসুফপুর শাদিলের বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে ইউসুফপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো. আওয়াল হোসেন (৪৪), বিহারমণ্ডল গ্রামের হাজি মমিন খানের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. শাহিন খান (৫১) ও ছোটনা গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন (৪২)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে সুনির্দিষ্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।