হোম > সারা দেশ > কুমিল্লা

মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

ফেসবুকে ভাইরাল ভিডিও দেখে অটোরিকশাচালককে গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

গ্রেপ্তার ইকরামুল হক। ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিকেলে র‌্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এ তথ্য জানান।

ইমরুল হাসান বলেন, র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইকরামুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ মডেল থানার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি কলাবাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন। ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

র‌্যাবের ভাষ্য, ঘটনার পর ইকরামুল আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইকরামুলকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।