হোম > সারা দেশ > কুমিল্লা

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

এমপি হাসনাত আবদুল্লাহ ও গ্রেপ্তার জাকির হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় জাকির হোসেন (৪০) নামের এক মুদিদোকানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে নিরীহ মানুষকে হয়রানি করছে পুলিশ। তবে পুলিশের দাবি, জাকিরের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও এ ঘটনায় ক্ষোভ জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাইয়ে দেবিদ্বারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার আসামি, তারা থানার আশপাশে ঘোরাফেরা করলেও গ্রেপ্তার হচ্ছে না। আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকেও আটক করতে দেখা যায় না। অথচ নিরীহ মানুষকে প্রতিদিন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। জুলাইয়ের পক্ষে যারা রাস্তায় নেমেছিলেন, তাঁদেরও আটক ও হয়রানি করা হচ্ছে। এ হয়রানি থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও রেহাই পাচ্ছেন না।’

দেবিদ্বার থানা-পুলিশের সমালোচনা করে মোবাইল ফোনে হাসনাত বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে পুলিশ যা খুশি তাই করছে। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমার কাছে আসছে।’

জাকিরের স্ত্রী ও সাবেক পৌর কাউন্সিলর শারমিন আক্তারের অভিযোগ, কোনো মামলা বা অভিযোগের কথা না জানিয়ে মঙ্গলবার রাতে একদল পুলিশ তাঁদের বাড়িতে যায়। জমিজমাসংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলার জন্য তাঁর স্বামীকে থানায় ডেকে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কারও প্ররোচনায় পুলিশ এমনটি করেছে বলেও দাবি করেন তিনি।

শারমিন আক্তার আরও বলেন, ‘বিয়ের আগে জাকির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বিয়ের পর তাঁকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। কোনো মিছিল-মিটিংয়েও তিনি অংশ নেননি।’

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দেড় যুগ আগে জাকির বিএনপির সমর্থক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর ছোট ভাই ছাত্রলীগ এবং স্ত্রী মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের দাবি, গত ১৭ বছরে জাকির বিএনপি বা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ কিংবা মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন না। ব্যক্তিগত বিরোধের জেরে তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা মনে করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকির হোসেনের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাকিরের গুরুত্বপূর্ণ কোনো পদ-পদবি না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।’

জানতে চাইলে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ নিয়োগের কাজে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে খোঁজ নিতে পারেননি।