কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়েছে।
আটক দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি ও শ্রীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মো. আব্দুল হাই কায়সার (৫০), শ্রীপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল আজিজ (৩৬) ও ধলিপুষ্কুনি গ্রামের আব্দুল হালিমের পুত্র সোহেল (৩২)।
এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বলেন, মাদক সেবনের দায়ে যুবদলের কারও জেল-জরিমানার বিষয়টি আমার জানা নেই। তবে যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলে, অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে আটক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার সকালে তাঁদের কারাগারে প্রেরণ করা হবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, গোপন সংবাদে উপজেলার শ্রীপুর এলাকায় একটি মুরগির খামারে অভিযান চালানো হয়। সেখানে তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।