হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের ভারুয়াখালী: আট স্প্যানে আটকে রয়েছে সেতুর কাজ

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

ধীরগতিতে চলছে খুরুশকুল-ভারুয়াখালী সেতু নির্মাণের কাজ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের সঙ্গে জেলা শহরের দূরত্ব ৯ কিলোমিটার। কিন্তু দীর্ঘকাল এই ইউনিয়নের বাসিন্দারা ৩৬ কিলোমিটার পথ ঘুরে রামু উপজেলা হয়ে জেলা শহরে যাতায়াত করেন। এ পথে তাঁদের দুই-তিনবার যানবাহন বদল করতে হয়। সময় লাগে দেড় থেকে ২ ঘণ্টা।

এই ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের এ ভোগান্তি লাঘবে পাঁচ বছর আগে স্থানীয় জোয়ারি খালের ওপর শুরু হয়েছিল সেতু নির্মাণকাজ। দুই দফা কাজের মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। এতে জেলা শহরে দ্রুত যাতায়াতের জন্য মুমূর্ষু রোগী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ অনেকেই ঝুঁকি নিয়ে খাল পারাপার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সদর উপজেলার খুরুশকুল ও ভারুয়াখালী ইউনিয়নকে আলাদা করেছে জোয়ারি খাল। জোয়ার-ভাটার এ খালের কারণে দুই ইউনিয়নের মানুষকে জেলা শহরে ৩৬ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। সেতুটি নির্মাণ করা হলে মাত্র ৯ কিলোমিটার পথে জেলা শহরে পৌঁছানো যাবে। সময় লাগবে ২০-৩০ মিনিট।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৭ সালে একনেকে অনুমোদন পায় ৩৯২ মিটার দৈর্ঘ্যের ভারুয়াখালী-খুরুশকুল সেতু নির্মাণ প্রকল্প। দুই দফা দরপত্র আহ্বানের পর কাজ পায় তমা কনস্ট্রাকশন ও এমএ জাহের লিমিটেড (জেভি)। ২০২০ সালের ১২ জানুয়ারি ৩৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় এলজিইডির। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।

প্রকল্পটি বাস্তবায়নের শুরু থেকেই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আলী আহসান আজকের পত্রিকাকে বলেন, সেতুর দুই পাড়ে জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন করা যায়নি। এ ছাড়া সেতুর ডিজাইন বদল করা হয়েছে। পাশাপাশি গত বছরের ৫ আগস্ট থেকে ঠিকাদার আত্মগোপনে রয়েছেন। এসব কারণে কাজে ধীরগতি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে আটটি স্প্যান নির্মাণ করা হয়েছে। তবে খালের মাঝে এখনো স্প্যানের কাজ হয়নি। এক প্রান্তে কাজ করছেন চার-পাঁচজন শ্রমিক। নির্মাণকাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আনিসুর রহমান কথা বলতে রাজি হননি।

ভারুয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, সেতুর ঠিকাদার কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এম এ জাহের। তিনি ৫ আগস্ট থেকে আত্মগোপনে যাওয়ার পর প্রকল্পে স্থবিরতা চলছে। যেভাবে কাজ হচ্ছে, তাতে আরও কয়েক বছর লেগে যাবে।

কক্সবাজার এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলী আহসান বলেন, এ পর্যন্ত সেতুর ৬৯ শতাংশ কাজ শেষ হয়েছে। ১৩টি স্প্যানের মধ্যে আটটি শেষ হয়েছে। কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৯ কোটি ৯১ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে।

এলজিইডি কক্সবাজার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী জুনের মধ্যে কাজ শেষ করার তাগাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফে সমুদ্রসৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ নির্বাচিত

কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটে এগিয়ে, বাকি তিনটিতেও ধানের শীষের দাপট

কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে

টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযান: দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২