হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

বিভিন্ন অনিয়মে আলমডাঙ্গায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া বাজারে বাবলু বীজ ভান্ডার নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ মেলে। ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জিয়া মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই-মিষ্টি সংরক্ষণ এবং পণ্যের গায়ে মূল্য ও মেয়াদের তথ্য না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের অভিযোগে শাহিবুল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘খাদ্যদ্রব্য ও নিত্যপণ্য ক্রয়ের আগে অবশ্যই উৎপাদন, মেয়াদ ও মূল্যতালিকা যাচাই করা উচিত। অনিয়মের দায়ে আজ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপাসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।