হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

নেশার টাকার জন্য নিজের সন্তানকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি বাবার

জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

অভিযুক্ত বাবা মো. আজিজুল ও তাঁর সহযোগী মো. আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে বাবা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আজিজুল (২৮) এবং জীবননগর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আক্তার (২৬)।

পুলিশ জানায়, মো. আজিজুলের স্ত্রী ভারতে কাজ করেন। আজিজুল জীবননগরের আব্দুলবাড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। নিজের কোনো আয় না থাকায় তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। সম্প্রতি স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুল এক সহযোগীকে সঙ্গে নিয়ে নিজের ছেলে সিয়ামকে অপহরণ করেন। পরে তাঁকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে রাখা হয়। শিশুটির গলায় ধারালো হাঁসুয়া ধরে তোলা একটি ছবি তার মায়ের কাছে পাঠানো হয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

এই ঘটনায় শিশুটির মা বিকাশের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান।

অভিযোগ পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জীবননগর থানা-পুলিশ ও ডিবির (সিসিআইসি) একটি দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানার পাকা দাসপাড়া এলাকা থেকে আজিজুল ও তাঁর সহযোগী আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।

ওসি সোলায়মান সেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা ভারতে অবস্থান করায় এই সুযোগ কাজে লাগিয়ে তাকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। বর্তমানে গ্রেপ্তার দুজন থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ