চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি ভর্তুকির তিন শতাধিক বস্তা সার জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে হাসাদাহ বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুল খালেককে আটক করা হয়েছে।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, হাসাদাহ বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আবদুল খালেকের দোকান থেকে অবৈধভাবে ভর্তুকির সরকারি সার পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালানো হয়। পরে তাঁর চারটি গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা তিন শতাধিক বস্তা ইউরিয়া, ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরিয়েট অব পটাশ) সার জব্দ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘অবৈধভাবে সার মজুতের অপরাধে ব্যবসায়ী আবদুল খালেককে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রসঙ্গত, এর আগে গতকাল শুক্রবার জীবননগর বাজারের ‘সান্ত্বনা ট্রেডার্স’ থেকে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন।