চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মারা গেছে নবম শ্রেণির শিক্ষার্থী রবিউল (১৭)। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের ভাংবাড়ীয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় রবিউল।
নিহত রবিউল ভাংবাড়ীয়া নতুনপাড়ার বাসিন্দা ছানোয়ার হোসেনের ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভাংবাড়ীয়া বাজারের সাপ্তাহিক হাট ছিল। রবিউল মায়ের জন্য স্থানীয় মুজাহিদের দোকান থেকে বড়া ভাজা কিনতে যায়। এ সময় শখের বশে মুজাহিদের পাখি ভ্যানটি চালিয়ে রবিউল মহেশপুর মোড়ের দিকে রওনা হয় বলে পরিবারের সদস্যরা জানান। ভাংবাড়ীয়া নতুনপাড়া এলাকায় পৌঁছে ভ্যানের নিয়ন্ত্রণ হারায় রবিউল। একপর্যায়ে ভ্যানটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে সজোরে ধাক্কা খায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রবিউলের বাবা ছানোয়ার হোসেন বলেন, তিন ভাই-বোনের মধ্যে রবিউল ছিল সবার ছোট। পরিবারের সবাই তাকে খুব আদর করত। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে তাঁরা হতবিহ্বল হয়ে পড়েছেন।