হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

সব অপকর্মের মূল মাদক: চুয়াডাঙ্গার এসপি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

সব অপকর্মের মূল মাদক বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোয়ালপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মানবপাচার, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকের কুফল নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। অনুষ্ঠানে ১৫ জন মাদক কারবারি নারী-পুরুষ আত্মসমর্পণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, সব অপকর্মের মূল মাদক। যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের কুকর্ম আছে, এর মধ্যে এক নম্বরে রয়েছে মাদক। আপনারা কয়েক দিন আগে দেখেছেন, মাদক খেতে না দেওয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে খুন করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, মাদক যারা বিক্রি করে, মাদক যারা বহন করে এবং মাদক যারা সেবন করে, তাদের সঙ্গে ভদ্রবেশী অনেক মানুষও মাদকের সঙ্গে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে এসব মানুষের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পুলিশ সুপার বলেন, মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই ধ্বংস করে না, পরিবার ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয়। মাদকের টাকার জোগান দিতে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। এ কারণে অপরাধ নিয়ন্ত্রণে মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব শাহজাহান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু বকর এবং প্রভাষক আমিনুর জামান তারেক।