জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমরা চাই চুয়াডাঙ্গার আম সারা দেশে আস্থার প্রতীক হয়ে উঠুক। এ লক্ষ্যে জেলার আম সংগ্রহের সময় নির্ধারণ করে একটি ‘‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’’ তৈরি করা হয়েছে। আজ থেকে আঁটি, গুটি, বোম্বাই, ক্ষীরশাপাতি ও গোপালভোগ আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিবেচনায় রেখে পরিপক্ব ও রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
সংগ্রহের সময়সূচি অনুযায়ী, ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া ও ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহের কাজ শুরু হবে। এ ছাড়া ফজলি ১৫ জুন, হাঁড়িভাঙা ২০ জুন, আশ্বিনা ও বারি আম-৪ জুন ৩০, কাটিমন ৫ জুলাই এবং সবশেষে ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ স্থানীয় আমচাষি ও সাংবাদিকেরা।