হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে এই অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া বস্তাটি থেকে ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জীবননগর থানায় হস্তান্তর করা হবে।