চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার মুন্নার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (স্থানীয়ভাবে পরিচিত যান) রাস্তার পাশের খাদে উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে এবং গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা দুই চালক।
আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বিএডিসি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম হেলাল (৪০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ পাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে। তিনি আলমডাঙ্গার হাটে বিক্রির জন্য গরু নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আহত চালকেরা হলেন—কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের স্বপ্ন এবং একই ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামের আরিফুল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি ছিটকে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী হেলাল ও দুটি গরু মারা যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা, একটি মোবাইল ফোন ও গরুর চালান উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।