হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে দুই দিনে ৯১৫ বস্তা সরকারি সার জব্দ, ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেকের গোডাউনে অভিযান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে দোকানমালিক মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচার করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে কয়েকটি আলমসাধু (স্থানীয় যানবাহন) এবং চারটি গোডাউন থেকে মোট ৫১২ বস্তা সার জব্দ করা হয়। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলছে।

জব্দ করা সারের পরিমাণ নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শনিবারের অভিযানে উদ্ধার হওয়া ৫১২ বস্তার মধ্যে ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি এবং ৩৯ বস্তা এমওপি সার রয়েছে।

সান্ত্বনা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি। ছবি: সংগৃহীত

অন্যদিকে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জীবননগর বাজারের ‘সান্ত্বনা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখান থেকে অবৈধভাবে মজুত রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন।