চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছেন চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত ‘খান সাহেব’।
গতকাল শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলীকে (৩২) আটক করা হয়।
র্যাব আরও জানায়, অভিযানের সময় চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত ‘খান সাহেবকে’ আটক করতে তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, র্যাবের অভিযান টের পেয়ে তিনি আগেই পালিয়ে যান।
অভিযানে জব্দ করা জাল টাকার সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব। তবে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং এবং দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। চক্রটির বিষয়ে আরও তদন্ত চলছে।