হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৭ বস্তা সার জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স কয়লারদিয়াড় গ্রামের মাহিরুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, পারভেজ প্রিন্স কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে সার বিক্রি করছিলেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ২৭ বস্তা সার মজুত রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে জব্দ করা সার কৃষকদের কাছে বিক্রি করা হবে।