চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বাজারে নকল কীটনাশক তৈরি ও অবৈধভাবে সার মজুতের দায়ে মো. সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে ‘মেসার্স সদের ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকান এবং সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জেলা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দোকান ও গোডাউন থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।
অভিযানে আরেকটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সার জব্দ করা হয়। একই সঙ্গে স্টক রেজিস্ট্রারের সঙ্গে প্রকৃত মজুতের ব্যাপক অমিল পাওয়া যায়। ব্যবসায়ী পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্ট্রারও দেখাতে পারেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে এবং আসামির স্বীকারোক্তির পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য কৃষি বিভাগের কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। আর জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে সংরক্ষণ ও নিষ্পত্তির জন্য পাঁচ সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।